Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

Friday, November 4, 2022

৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা

৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা


 কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও প্রায় পনের দিন বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন যশোরের কেশবপুরের ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার জাহানপুরে স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য রিপন দাস, কিশোরী দাস, নয়ন দাস, মোহন দাস, সনাতন দাস, বিজয় দাস, সনজিৎ দাসসহ স্থানীয় একাধিক ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৩৫০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।

এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক নয়ন দাস বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা।

কিশোরী দাস বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

Wednesday, November 2, 2022

কটিয়াদীতে ঘুর্ণিঝড়ের রাতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

কটিয়াদীতে ঘুর্ণিঝড়ের রাতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

    



ঘুর্ণিঝড় সিত্রাংয়ের রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির লুন্ঠিত মালামাল সহ ৪ ডাকাত ও জুয়েলারি ব্যবসায়ী কে কটিয়াদী পাকুন্দিয়া ও পাশ্ববর্তী জেলা গাজীপুরের চৌরাস্তা থেকে গ্ৰেফতার করে কটিয়াদী থানা পুলিশ। এই ঘটনায় আরো ২জন আসামি পলাতক রয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম (বার)।

গ্রেফতারকৃত আসামিরা হলো- কটিয়াদী উপজেলার পাইকসা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন (৫০) ও একই গ্রামের মোহাম্মদ আলী, একই উপজেলা সাটিয়াদী গ্রামের আব্দুল খালেকের পুত্র বাচ্চু (৪০), আঃ কাদিরের পুত্র সুলতান (২৮), পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের হরিপদ সাহার পুত্র বাপন সাহা (৩৫)। বাপন সাহা জুয়েলারি ব্যবসায়ী। ডাকাতির লুন্ঠিত মালামাল কেনার অপরাধে জুয়েলারি ব্যবসায়ী বাপন সাহা কে গ্ৰেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের রাতে কটিয়াদী উপজেলার একটি বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পরের দিনই এজাহারভূক্ত আসামী সাদ্দাম (২২) ও মাহফুজ (২০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত থাকায় গাজীপুর চৌরাস্তা থেকে ৩ জন, কটিয়াদী থেকে ১ জন, পাকুন্দিয়া থেকে ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ডাকাতির পর বাদী ৪ জনের নাম উল্লেখ করে অপর একজন কে নাম উল্লেখ না করে মামলা দায়ের করেন। ওদের মধ্যে দুজন কে ডাকাতিকালে চিনতে পারে বাদী। পরে এই দুজন কে গ্ৰেফতার করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকিদের কে গ্ৰেফতার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, কটিয়াদী থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দুলাল মিয়া প্রমুখ।

গ্রেফতারকৃত আসামীদের বর্ণনা অনুযায়ী আসামী বাপন সাহার দোকান থেকে এক জোড়া স্বর্ণের দুল, দুইটি স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের আংটি ও স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
টুইটারে ব্লু টিকের জন্য মাসে গুনতে হবে যত টাকা

টুইটারে ব্লু টিকের জন্য মাসে গুনতে হবে যত টাকা




 সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট নির্দেশকারী ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ৮ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা মাসিক চার্জ নেওয়া হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম সাইটটি ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণের পরে পরিবর্তনের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাস্ক বলেন, স্প্যাম বা স্ক্যামকে পরাস্ত করার জন্য এটি অপরিহার্য।

সাধারণত হাই-প্রোফাইল ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক চিহ্নের সেবাটি বর্তমানে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তবে সমালোচকরা বলছেন, নতুন এই পদক্ষেপটি নির্ভরযোগ্য উৎস শনাক্ত করা কঠিন করে তুলতে পারে।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক যোগ করেন, অর্থ প্রদানকারী ব্যবহারকারীরা উত্তর প্রাপ্তি, অনুসন্ধান এবং অর্ধেক বিজ্ঞাপন সুবিধায় অগ্রাধিকার পাবেন।

অ্যাকাউন্ট ভেরিফায়েডে ব্লু টিকের পুরোনো পদ্ধতিকে ‘জমিদারি’ প্রথা আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ধনকুবের মাস্ক। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা! মাসে ৮ ডলারে ব্লু টিক।

টুইটারের ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের যাচাই করার আগের পদ্ধতিতে একটি ছোট অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হতো। এটি সেলিব্রিটি, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ যাদের ভুয়া অ্যাকাউন্ট খোলার আশঙ্কা ছিল, তাদের জন্য সংরক্ষিত ছিল।

২০০৯ সালে এ পদ্ধতিটি চালু করেছিল টুইটার। কারণ, তখন কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে যথেষ্ট কাজ না করার অভিযোগে একটি মামলার মুখোমুখি হয়েছিল।

কিন্তু মাস্ক ভারী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কারণ, তিনি বছরের পর বছর ধরে লাভ করতে না পারা টুইটারের ব্যবসার পদ্ধতি পরিবর্তনের জন্য কাজ করছেন।

মাস্ক বলেন, তিনি বিজ্ঞাপনের ওপর টুইটারের নির্ভরতা কমাতে চান। তবে তার নেতৃত্বে থাকা সাইটটিতে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন কিছু কোম্পানি।

মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস গত সপ্তাহে জানায়, তারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া স্থগিত করছে।

একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার মিডিয়া কর্মকর্তা বিবিসিকে বলেন, ইতোমধ্যে আরও কিছু প্রধান ব্র্যান্ড প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। কারণ, তারা মাস্কের আনা পরিবর্তনগুলো কীভাবে কার্যকর হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন।

সোমবার বিশ্বের অন্যতম বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা আইপিজি সামাজিক মাধ্যমটিতে ‘বিশ্বাস ও নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য টুইটারের পরিকল্পনার বিষয়ে আরও স্পষ্টতার প্রয়োজন বলে উল্লেখ করেছে। নিজেদের গ্রাহকদের টুইটারে দেওয়া বিজ্ঞাপনগুলো এক সপ্তাহের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এর আগে, ব্লু টিক সুবিধার জন্য মাসে ২০ ডলার চার্জ হতে পারে বলে শোনা গিয়েছিল। অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মধ্যে একজন হলেন লেখক স্টিফেন কিং। তিনি বলেন, টুইটারের আমাকে অর্থ প্রদান করা উচিত। জবাবে মাস্ক লেখেন, আমাদের কোনো না কোনোভাবে বিল পরিশোধ করতে হবে!