Wednesday, November 2, 2022

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

 



বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের রিজার্ভ ও বাজেট সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারীত্বে (পিপিপি) প্রকল্প গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। তাই পিপিপির উন্নয়নে প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে। 

শনিবার (২৯ অক্টোবর) এফবিসিসিসিআই আয়োজিত ‘ভিশন-২০৪১ অর্জনে পিপিপি’র ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘বর্তমান আইনে পিপিপির প্রক্রিয়া দ্রুত করা সম্ভব কীনা, তা যাচাই করে দেখতে হবে। যদি দরকার হয়, আইনে পরিবর্তন আনতে হবে। কিন্তু এই পথেই যেতেই হবে।’ 

বিদ্যুৎ খাতে পিপিপি সফল হয়েছে মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, ২০০৯ সাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ছিলো মাত্র ৪৫০০ মেগাওয়াট। কিন্তু আইন পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়েছে। বর্তমানে বেসরকারি খাতের মোট ৫৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎখাতের সফল পিপিপির কারণেই বর্তমান অর্থনৈতিক অগ্রগতি এসেছে। 

এসময় পিপিপিকে দ্রুত করতে, এর আওতায় দেয়া প্রকল্প প্রস্তাবে অর্থায়ন সক্ষমতার প্রমাণাদি দলিল সংযুক্ত থাকলে সেসব প্রকল্পকে ফাস্ট ট্রাক প্রকল্প হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে পরামর্শ দেন উপদেষ্টা। 

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘পিপিপির উন্নয়ন ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব হবেনা। কেননা এসডিজি অর্জনের জন্য পিপিপির মাধ্যমে প্রায় ৬ শতাংশ অর্থায়ন করতে হবে। এছাড়াও সরকারের অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের একার পক্ষে পর্যাপ্ত বিনিয়োগ সম্ভব নয়। দেশে শক্তিশালী বেসরকারিখাত গড়ে উঠেছে। তাদেরকেও পিপিপির মাধ্যমেই উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট করতে হবে।’

 অন্যদিকে আস্থাহীনতাকে পিপিপির উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন বিশেষ অতিথি পিপিপি কর্তৃপক্ষের সিইও মোহাম্মদ ইব্রাহীম। সরকারের প্রতি বেসরকারি খাতকে অংশীদার হিসেবে দেখার মনোভাব তৈরি করার আহ্বান জানান তিনি। 

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘২০৩১ ও ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করতে হলে অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন করতে হবে। উৎপাদনের গতি আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গতি দ্বিগুণ করা ও চট্টগ্রাম বন্দরের টেস্টিং সুবিধা বাড়াতে হবে। এসব ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কার্যকর ভূমিকা পালন করতে পারে। এছাড়াও সরকারি শিল্প কারখানায় হাজার হাজার একর অব্যবহৃত জমি শিল্প স্থাপন ও সরকারি কারখানার আধুনিকায়নে পিপিপি মডেল ব্যবহারের পরামর্শ দেন সভাপতি।’ 

তিনি বলেন, ‘দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে। তাদেরকে সরকারের প্রকল্প অংশীদার করলে অর্থায়ন সহজ হবে। সরকারের চাপ কমবে।’ 

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ১৮৫ রান



সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ১৮৪ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ১৮৫ রান। 

ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ৬ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান। 

গত তিন ম্যাচের মতো এই ম্যাচেও তাসকিন দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে তিনি ৩ ওভার করেন। প্রথম দুই ওভারে তিনি দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে তার বলে জীবন পান রোহিত শর্মা। না হলে আগের তিন ম্যাচের মতো এদিনও বাংলাদেশকে শুরুর সফলতাটা তাসকিনই এনে দিতেন।

দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা লোকেশ রাহুল ফর্মে ফিরেছেন এ ম্যাচ দিয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১ বলেই তুলে নিয়েছেন ফিফটি। অর্ধশতক পূর্ণ করার ঠিক পরেই তাকে ফেরান সাকিব। মুস্তাফিজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। 

ইনিংসের ১২তম ওভারে সাকিব একবার সূর্যকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন। তার বলে সুইপ করতে গিয়ে সূর্যর ব্যাটে টপ-এজড হয়ে বলটা উঠে গিয়েছিল আকাশে। তবে মুস্তাফিজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে ২ ওভার পরে সেই সূর্যকে ফিরিয়েছেন সাকিবই, ৩০ রানে। 

মুস্তাফিজ-হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষদিকে রানের গতি কিছুটা কমে। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরিয়েছেন হাসান মাহমুদ আর দিনেশ কার্তিক ফিরেছেন রান আউট হয়ে। 

বেশকিছু উইকেট হারিয়ে যখন কিছুটা ছন্দহারা ভারত তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কোহলি। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন ১৮৪ রানের বড় সংগ্রহ।     

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি উইকেট গেছে অধিনায়ক সাকিব আল হাসানের ঝুলিতে। 

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান



প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন বিসিএস কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর ভাগ্যের পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি নবীন অফিসারদের দেশপ্রেমে উদ্বুদ্ব হয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করার আহবান জানাচ্ছি।’

বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫ তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন,পাকিস্তান আমলে কোনো বাঙালি একমাত্র কর্ণেল ছাড়া সচিব, জেনারেল ও মেজর জেনারেল হতে পারতো না।

তিনি বলেন, ‘এখন আপনাদের (সরকারি কর্মকর্তা) মনে রাখা উচিত দেশ স্বাধীন হওয়ার পর আমরা সব কিছুই হতে পারছি। সে কথা মনে রেখেই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্রত নিয়ে কাজ করার আহবান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বিসিএস প্রশাসন একাডেমি মিলানয়তন শাহবাগে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে ৩টি ব্যাচের ১০৩ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন এবং ফটোসেশনে অংশ নেন।

সরকার প্রধান বলেন, আমাদের যারা নবীন অফিসার তাদের ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি যখন কোন এলাকায় কাজ করেন তখন সেই এলাকার উন্নয়নে বিশাল   ভূমিকা রাখার সুযোগ পান।

প্রধানমন্ত্রী উদাহারণ দেন, কোথাও কাজে নিযুক্ত হলে বিভিন্ন জন বিভিন্ন দেন দরবার নিয়ে আসবে তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে সঠিক পরিকল্পনানুযায়ী এগুতে হবে। তাহলেই আমরা সঠিকভাবে উন্নতি করতে পারবো। আমি চাই আমাদের নবীন অফিসাররা সেভাবেই ব্যবস্থা নিবেন।

কারণ, দেশের মানুষের কল্যাণ করার জন্যই বাপ-মা-ভাই হারিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং জাতির পিতা যে ভাগ্যহত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তাদের মুখে তিনি হাসি ফোটাবেন-এটাই তাঁর লক্ষ্য।

সরকার প্রধান স্মরণ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে নৃশংসভাবে হত্যার পর ’৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর প্রবাস জীবন কাটাতে বাধ্য হওয়া অবস্থা থেকে একরকম জোর করে দেশে ফিরে সমগ্র বাংলাদেশ তিনি চষে বেড়িয়েছেন। আর দেখেছেন হাড্ডিসার, কঙ্কালসার মানুষের সারি, পায়ে ন্যূনতম স্যান্ডেলটা নেই, ছিন্ন বস্ত্রের মানুষ।

তিনি বলেন, আমি দেখেছি আমার মা-বোনরা এক টুকরো কাপড়ের অর্ধেক শুকাচ্ছে অর্ধেক পরে আছে। প্রতি বছর মঙ্গা লেগে থাকতো আমরা ছুটে গেছি, লঙ্গরখানা খুলেছি মানুষের পাশে দাঁড়িয়েছি, সরকার কি করছে সেদিকে দেখিনি। আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি।

শেখ হাসিনা বলেন, কাজেই আজকের নবীন কর্মকর্তারা যখন বিভিন্ন এলাকায় কাজ করতে যাবেন তখন এই বিষয়টার দিকেই লক্ষ্য রাখবেন যে, মানুষের জন্য কতটুকু করতে পারলেন, সেখানেই তৃপ্ত। যতটুকু দিয়ে আসতে পারবেন সেটাই মানুষ মনে রাখবে।

প্রধানমন্ত্রী ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দেয়া জাতির পিতার ভাষণের চুম্বকাংশ তুলে ধরে প্রশাসনের নবীন কর্মকর্তাদের আরো জনসেবায় নিবেদিত প্রাণ হবার পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বলেছিলেন- সরকারি কর্মচারি ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর উর্ধেব স্থান দিতে হবে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদেরকে জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে। অর্থাৎ জনগণের সেবক হিসেবেই নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। আমি চাই জনগণের সেবা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং উন্নত করতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ১২৪, ১২৫ ও ১২৬তম ব্যাচে শীর্ষস্থান অর্জন করে রেক্টরস পদক লাভকারি তানিয়া তাবাসসুম, মো. মোজাম্মেল হক চৌধুরী ও ফারহানা নাসরিন অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর এই বিসিএস প্রশাসন একাডেমিতে দেয়া ভাষণের একটি সংকলণের মোড়কও উন্মোচন করেন।

বিসিএস প্রশিক্ষণ একাডেমির কর্মকাণ্ডের ওপর অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

মঠবাড়িয়ায় কৃষি কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময় সভা

মঠবাড়িয়ায় কৃষি কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময় সভা


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী। 

বুধবার সকালে কৃষি অফিস অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুর হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকির হোসেন, কৃষি উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহসীন উদ্দিন, ডা. রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, মো. ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমুখ।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য সরবরাহের পাশাপশি অর্থনৈতিক চাকা ঘোরাতে বিশাল ভূমিকা পালন করেন। 

সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের মাঝে সত্তুর শতাংশ ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ও মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের কোথাও যেন ১ শতাংশ জমি অনাবাদি না থাকে । সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট লোকজনদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন



শেরপুরে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী, জেলা পরিষদের সাবেক প্রশাসক হুমায়ুন কবীর রুমান। ১২ অক্টোবর বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকায় তার নির্বাচনী প্রচারণা অফিসে ওই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর রুমান অভিযোগ করে বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের হুইপ মো. আতিউর রহমান আতিক তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পালকে বিজয়ী করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছেন। এজন্য তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটার চেয়ারম্যান-মেম্বারদের টিআর প্রকল্পের সরকারি অনুদান বিলির আশ্বাস দিয়ে পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। হুইপ আতিউর রহমান আতিক যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে এলাকা না ছাড়েন, তবে আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান বলেন, তিনি কোনভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন না। বরং তিনি কিছুটা অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা ও রেস্ট নিচ্ছেন। তিনি কোন মেম্বার-চেয়ারম্যানকে জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে প্রভাবিত করেননি। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি নিজ বাড়িতে অবস্থান করা যাবে না এমন কোথাও লেখা নেই। যদি নিজ বাড়িতে অবস্থান করার নিয়ম না থাকে তবে তিনি থাকবেন না বলেও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থীর সাথে তার একটি ছবি প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, তারা যে ছবিটি দেখিয়েছেন সেটি সদ্য প্রয়াত নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া হকের নামাজে জানাজার ছবি। সেই জানাজায় হুমায়ুন কবীর রুমান নিজেসহ তার অনুসারীরাও ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, দলের বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদের সাবেক প্রশাসক হুমায়ুন কবীর রুমান ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে জেলায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। ৫টি কেন্দ্রে মোট ৭৫৩ জন ভোটার এবার ভোট দিয়ে এবার নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্য হতে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।

নকল ডিজাইনে তৈরি টাইগারদের বিশ্বকাপ জার্সি (ভিডিও)

নকল ডিজাইনে তৈরি টাইগারদের বিশ্বকাপ জার্সি (ভিডিও)




 খেলা পাগল সমর্থকদের কাছে নিজের দেশ, ক্লাব কিংবা প্রিয় খেলোয়াড়ের জার্সি মানেই বিশেষ কিছু। যার ফলে বিশ্ব ক্রীড়ায় খেলোয়াড়দের জার্সির প্রচুর চাহিদাও দেখা যায়।

২০২২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি নিয়েও এবার আলোচনা ছিল তুঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিও প্রকাশ করে টাইগারদের বিশ্বকাপ জার্সি অবমুক্ত করে। যেখানে তারা জানায়, এবারের জার্সিটি বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার এবং জামদানির কথা মাথায় রেখে বানানো হয়েছে।

তবে জার্সি উন্মোচনের সপ্তাহ না পেরোতেই জানা গেছে, এই জার্সি বানাতে কোনো চিন্তা-ভাবনাই খরচ করেনি কেউই। বরং অনলাইনে রয়েল বেঙ্গল টাইগারের একটি ছবিকে নামিয়ে সেটা জার্সির মধ্যে বসিয়ে তৈরি করা হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি। অর্থাৎ, টাইগারদের বিশ্বকাপ জার্সির ডিজাইনটি চুরি করে করা বলে অভিযোগ উঠছে।

ইতোমধ্যে সেই ছবিটাও প্রকাশ পেয়েছে। ক্রিকসার্কেল নামক ক্রীড়া পেইজ বাংলাদেশের জার্সি এবং বাঘের সেই ডিজাইন তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের জার্সির ডিজাইন চুরির বিষয়েও অভিযোগ তুলেছে তারা। এই ডিজাইনটি ২০১৫ সালে পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রথম আপ করা হয়। আর বিসিবির জার্সি তৈরির কোম্পানিটি পিন্টারেস্ট থেকে সেই ছবিটি নামিয়ে বসিয়ে দেয় জার্সির গায়ে।

সেখানে তারা লিখেছে, ‘ক্রীড়ামোদিরা সবসময় জার্সির বিষয়টি নিয়ে সচেতন থাকে, এটা তাদের কাছে আবেগের মতো। একটি জার্সি তৈরির কোম্পানি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের এই আবেগ নিয়ে খেলা করছে। তারা সদ্যই ডিজাইন চুরি করেছে।

বাংলাদেশের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিটির ডিজাইনটি সেই চুরির উদাহরণ। মানুষ যদিও শুরুতে জার্সিটি খুবই পছন্দ করেছে। তারা এর ডিজাইন এবং রঙ পছন্দ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিডিয়াও বিষয়টি তুলে ধরেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিনাল ডিজাইন দেখে মানুষের মতামত বদলে গেছে। জার্সি তৈরিকৃত প্রতিষ্ঠানটি বিসিবি, মিডিয়া এবং ভক্তদের বোকা বানিয়েছে।’

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচনের সেই ভিডিও:

এলপিজির দাম বাড়ল

এলপিজির দাম বাড়ল




 ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

তিনি জানান, বুধবার থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৫১ টাকা, এতদিন যার দাম ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল ৫১ টাকা।

সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।